এক নজরে

সিলেট সরকারি কলেজ বাংলাদেশের সিলেট জেলার একটি সরকারি মহাবিদ্যালয়। যা সিলেট শহরের টিলাগড় এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের পার্শ্বে অবস্থিত এবং ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত। কলেজটিতে বর্তমানে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) কোর্স চালু আছে।
১৯৬৪ সালে মুরারি চাঁদ কলেজের পূর্ব পাশে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় মুরারি চাঁদ উচ্চমাধ্যমিক মহাবিদ্যালয়। ১৯৬৬ সালের জুলাই মাসে মানবিক ও বাণিজ্য শাখা নিয়ে এর একাডেমিক কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে বিজ্ঞান শাখা যুক্ত করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে। ১৯৮৮ সালে স্নাতক পর্যায়ে বি.এ., বি.এস.এস. ও বি.বি.এস. কোর্স চালু করা হয়। একই বছরের ৩১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশ অনুযায়ী কলেজটির নাম পরিবর্তন করে ‘সিলেট সরকারি কলেজ’ রাখা হয়।
এই শিক্ষাপ্রতিষ্ঠানে ২ বছর মেয়াদি উচ্চ মাধ্যমিক শ্রেণী ও ৩ বছর মেয়াদী স্নাতক (পাস) শ্রেণীতে শিক্ষা দান করা হয়। এছাড়াও ২০১৮ সাল থেকে কলেজে পাঁচটি বিষয়ের উপর ৪ বছর মেয়াদী স্নাতক কোর্স চালু হয়েছে।
সিলেট সরকারি কলেজে বর্তমানে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

